শেয়ারবাজার বিডি ডেস্ক: ভোজ্যতেলের দাম বৃদ্ধি নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন তৈরি হয়েছে। বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি। সরকারের অনুমোদন ছাড়া দাম বাড়ানোর এখতিয়ার ব্যবসায়ীদের নেই। ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের দাম বাড়ানোর ঘোষণার বৈধতা নেই। সরকার এ বিষয়ে ব্যবস্থা নেবে। তবে ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীরা যুক্তি দিচ্ছেন, অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক নিয়োগ আদেশ-২০১১ অনুযায়ী, ভোজ্যতেলের দাম বাড়ানোর ১৫ দিন আগে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হয়। তারা এই নিয়ম অনুযায়ী দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন।
গত সোমবার বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ভোজ্যতেলের দাম লিটারে ৬ থেকে ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। অ্যাসোসিয়েশন এক বিজ্ঞপ্তিতে জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের দাম সমন্বয় করা হয়েছে। মঙ্গলবার থেকে (গতকাল) প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা, প্রতি লিটার খোলা সয়াবিন তেল ১৭৭ টাকা এবং সয়াবিনের পাঁচ লিটারের বোতল ৯৪৫ টাকা দরে বিক্রি হবে। এ ছাড়া প্রতি লিটার খোলা পাম অয়েল বিক্রি হবে ১৬৩ টাকা দরে।
গত মাসের শেষ দিকে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণ দেখিয়ে প্রতি লিটার সয়াবিন তেলে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব করেন ব্যবসায়ীরা। কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় দাম এক টাকা বাড়াতে রাজি হয়।
সাধারণত অত্যাবশ্যকীয় পণ্য হিসেবে ভোজ্যতেলের দাম সমন্বয় করতে হলে ব্যবসায়ীদের আবেদনের পর বাণিজ্য মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানানো হয়। দীর্ঘদিন ধরে এমন রীতিই চালু রয়েছে।
গতকাল রাজধানীতে ফার্নিচার মেলার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় থেকে তেলের দাম বাড়ানো হয়নি। ট্যারিফ কমিশনের ফর্মুলার ভিত্তিতে নির্দিষ্ট করা হয় যে, তেলের দাম বাড়ানো হবে কিনা। এ বিষয়ে আইসিএমএবি ও আইসিএবিকে স্বতন্ত্রভাবে বিশ্লেষণের জন্য দেওয়া হয়েছে। আইসিএমএবি একটা খসড়া রিপোর্ট জমা দিয়েছে। কিন্তু আইসিএবি এখনও রিপোর্ট দেয়নি। এ অবস্থায় তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের অবকাশ নেই।
বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সংবাদ বিজ্ঞপ্তি প্রসঙ্গে তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন না দেয়, তাদের এ ধরনের প্রেস রিলিজ দেওয়ার কোনো বৈধতা নেই। বাণিজ্য মন্ত্রণালয় দাম বাড়ানোর অনুমোদন দেয়নি।
শেয়ারবাজার বিডি ডটকম/গোলাপ



















