শেয়ারবাজার বিডি রিপোর্ট: আজ (রোববার) দ্বিতীয় দিনের শুরু থেকেই সফরকারীদের চাপে রাখার লক্ষ্যে তাসকিন ও শরিফুল ইসলাম ব্যাটারের চাপে রেখে বল করছিলেন। ফলে উইকেট নিতে বেশি বেগ পেতে হয়নি তাদের। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন ফেরালেন আব্দুল্লাহ ফজলকে। মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লিটন দাস। ব্যক্তিগত ৯ রানে ফজল ফিরলেন।
এক ওভার পর আবারও আক্রমণে ফিরে তাসকিন ফেরালেন আরেক ওপেনার আজান আওয়াইসকে। তার বল কিছুটা দেরিতে সুইং করার পর শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন পাকিস্তানি ওপেনার। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান ১৩ রান করে বিদায়। এরপর দেখেশুনেই খেলেছিলেন বাবর ও পাক অধিনায়ক শান মাসুদ। তবে সেই জুটি ৩৮ রানের বেশি লম্বা হতে দেননি মিরাজ। তাকে কাভার অঞ্চল দিয়ে শট খেলতে গিয়ে শর্টে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন মাসুদ (২১)।
ক্রিজে আসা নতুন ব্যাটার সৌদি শাকিলকেও থিতু হতে দিলেন না মিরাজ। বাঁ-হাতি এই ব্যাটার রান তুলতে কিছুটা সংগ্রাম করছিলেন, চাপ কাটাতে সুইপ শট খেলার চেষ্টা চালান তিনি, কিন্তু বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। যা লিটন অনায়াসে হাতের মুঠোয় পুরেন। ২৮ বলে ৮ রানে আউট শাকিল। ৭৯ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টায় আছেন বাবর-সালমান। বিশেষ করে বাবর বাউন্ডারি ও সিঙ্গেল রান নিয়ে স্কোরবোর্ড সচলের চেষ্টায় এখন পর্যন্ত সফলই বলা চলে।
শেয়ারবাজার বিডি



















