শেয়ারবাজার বিডি রিপোর্ট: দেশের ব্যাংক খাতের সংস্কার, আর্থিক স্থিতিশীলতা জোরদার ও তদারকি কার্যক্রমের সক্ষমতা বাড়াতে বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মাধ্যমে দেওয়া এ ঋণের পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ হাজার ৫৮০ কোটি টাকা। ‘ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট-২’ প্রকল্পের আওতায় এ অর্থায়ন করা হচ্ছে।
এ ঋণের বিষয়ে গত শনিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে অর্থায়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বাংলাদেশ ও ভুটানের জন্য বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে সই করেন। ওই দিন ইআরডির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
২০২৬ সালের ১ জুলাই থেকে ২০৩১ সালের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীনে বাংলাদেশ ব্যাংক প্রকল্পটি পরিচালনা করবে।বাংলাদেশ ব্যাংক
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো ব্যাংক খাতের তদারকি সক্ষমতা বৃদ্ধি, আর্থিক খাতের নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং সংস্কার কার্যক্রমে সহায়তা করা। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) অবকাঠামোর উন্নয়ন এবং সংশ্লিষ্ট জনবলের দক্ষতা বাড়ানো হবে। পাশাপাশি আইসিটি অবকাঠামো উন্নয়নে ক্রয়সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে।বাংলাদেশ ব্যাংক
এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সুশাসন ও আর্থিক স্থিতিশীলতা উন্নয়নে সহায়তা দেওয়া হবে। পারফরম্যান্সভিত্তিক শর্তের (পিবিসি) মাধ্যমে আর্থিক খাতের সুরক্ষাব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ডিপোজিট ইনস্যুরেন্স ট্রাস্ট ফান্ডের (ডিআইটিএফ) আর্থিক সক্ষমতা বাড়ানো হবে।
চুক্তি অনুযায়ী, ঋণের অর্থ উত্তোলনের পর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ দিতে হবে। আর অনুত্তোলিত ঋণের ওপর সর্বোচ্চ শূন্য দশমিক ৫ শতাংশ কমিটমেন্ট ফি প্রযোজ্য হবে। ঋণ পরিশোধে পাঁচ বছরের রেয়াতকালসহ মোট ২৫ বছর সময় পাবে বাংলাদেশ।
শেয়ারবাজার বিডি


















