শেয়ারবাজারবিডি রিপোর্ট: চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৩ আগামী বৃহস্পতিবার ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু হবে বলে জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান এ কে এম আকতার হোসেন। ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বঙ্গবন্ধু হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আগামী ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের পলোগ্রাউন্ডে চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) উদ্যোগে মাসব্যাপী চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ) ২০২৩ শুরু হবে।
মেলা উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী, চেম্বারের প্রাক্তন সভাপতি ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। আরও জানানো হয়, এবার চট্টগ্রাম রেলওয়ের পলোগ্রাউন্ডে প্রায় ৪ লাখ বর্গফুট জায়গা নিয়ে মেলার আয়োজন করা হবে। মাসব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে। প্রবেশের জন্য টিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ টাকা। এছাড়া নগরীর বিভিন্ন স্কুলের প্লে থেকে ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে টিকেটের ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়। যা মাসজুড়ে মেলায় ব্যবহার করা যাবে।
এবার মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল ও ৩টি আলাদা জোন নিয়ে মোট ৪০০টি স্টলে ৩০০ এর অধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়া ভারত, থাইল্যান্ড ও ইরান নিজস্ব পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করবে।
মেলা কমিটির চেয়ারম্যান বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, বিশ্ব সাহিত্য কেন্দ্র, সন্ধানী, চট্টগ্রাম বধির ক্রীড়া ও সমাজ কল্যাণ সংস্থা এবং রাউজান ইনস্টিটিউট অব টেকনোলজি (আরআইটি)-কে বিনামূল্যে একটি করে স্টল বরাদ্দ দেয়া হয়েছে। নতুন সংযোজন হিসেবে এবার শিশুদের বিনোদনের জন্য মাঠের দক্ষিণ পাশে বিনোদন কেন্দ্র স্থাপন করা হয়েছে। এছাড়া অংশগ্রহণকারী ও আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান আকতার হোসেন। আর অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে তাৎক্ষণিক অগ্নি- নির্বাপন ব্যবস্থা নিশ্চিত করতে গাড়িসহ ফায়ার সার্ভিসের টিম মেলা প্রাঙ্গণে অবস্থান করবে।
মেলার মাধ্যমে বিভিন্ন দেশে পণ্যের বাজার সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে জানিয়ে চেয়ারম্যান আরও বলেন, মেলা চলাকালীন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা মেলা পরিদর্শন করবেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা এ মেলা পরিদর্শন করবেন। যা দেশীয় শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতি নির্ধারণে সহায়ক হবে। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ১ম, ২য় ও ৩য় স্টল, প্যাভিলিয়ন ও দেশীয় পণ্য উৎপাদনকারী নির্বাচন করে বিশেষ পদক এবং সনদপত্র দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চেম্বার সভাপতি ও সিআইটিএফ কমিটির উপদেষ্টা মাহবুবুল আলম, সহ-সভাপতি ও সিআইটিএফ কমিটির উপদেষ্টা সৈয়দ মোহাম্মদ তানভীর প্রমুখ।



















