নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির শেয়ার নিয়ে কারসাজি যেন থামছেই না। কারসাজি চক্র প্রতিষ্ঠানটির সাথে হাত মিলিয়ে কারসাজির মতো নোংরা খেলায় মেতেছে। এতে করে প্রতিষ্ঠানটির সাথে চক্রটি লাভবান হলেও সর্বশান্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। অর্থাৎ বিনিয়োগকারীদের যেন নিঃস্ব করার পায়তারায় মেতেছে প্রতিষ্ঠানটির সাথে কারসাজি চক্রটি। এমন পরিপ্রেক্ষিতে সাধারণ বিনিয়োগকারীদের মনে প্রশ্ন জেগেছে কি হচ্ছে লাভেলো আইস-ক্রিমের শেয়ারে?
সূত্রটি বলছে, গত প্রায় ছয় মাস ধরে কারসাজি চক্র তৌফিকা ফুডসের শেয়ার নিয়ে খেলছে। ইতিমেধ্যে একাধিকবার শেয়ারটি কারসাজি করে উচ্চ দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে মার্কেট ত্যাগ করেছে চক্রটি। আর বেশি দামে শেয়ারটি কিনে অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী সর্বশান্ত হয়েছেন। ফলে প্রতিষ্ঠানটির পাশাপাশি বাজার থেকেও তাদের আস্থা, বিশ্বাস কমতে শুরু করেছে।
এদিকে চক্রটি মার্কেট থেকে চলে যাওয়ার কারণে শেয়ারটির দর কমতে শুরু করে। ফলে লাভজনক দামে অধিকাংশ সাধারণ বিনিয়োগকারী শেয়ারটি সেল বা বিক্রি করতে না পেরে কম দামে বিক্রি করেছেন। এতে করে বিরাট অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। আশ্চর্যের বিষয় হচ্ছে, চক্রটি শেয়ারটি নিয়ে সম্প্রতি আবারও কারসাজির শুরু করেছেন। আর এই কাজে প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে তৌফিকা ফুডস কর্তৃপক্ষ জড়িত বলে অভিযোগ রয়েছে।
তথ্য বিশ্লেষণে জানা গেছে, কারসাজি চক্রটি চলতি বছরের ২৪ জুন তৌফিকা ফুডসের শেয়ার কারসাজির মাধ্যমে ১০৮ টাকা ৫০ পয়সায় নিয়ে যায়, যা গত ২৮ মে মাসে ছিল ৭৯ দশমিক ৩০ টাকা। অর্থাৎ চক্রটি মাত্র এক মাসের ব্যবধানে শেয়ারটির দর বাড়ায় ২৯ দশমিক ২০ টাকা বা ৩৭ শতাংশ।
তথ্য বিশ্লেষণ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেয়ারটি এই উচ্চ দামে সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে চক্রটি মার্কেট থেকে চলে যায়। এরপর শেয়ারটির দর কমতে থাকে। কমতে কমতে প্রায় দুই মাসের ব্যবধানে অর্থাৎ গত ১২ আগস্ট শেয়ারটির দর এসে দাঁড়ায় ৮৪ দশমিক ৯০ টাকা। এরপর আবারও শেয়ারটি নিয়ে কারসাজি শুরু করে চক্রটি। প্রায় এক মাসের ব্যবধানে অর্থাৎ গত ৮ সেপ্টেম্বর কারসাজি করে শেয়ারটির দাম ১০৬ দশমিক ৪০ টাকায় নিয়ে যায় চক্রটি। এরপর এই উচ্চ দামে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে আবারও মার্কেট থেকে চলে যায় চক্রটি। ফলে আবারও শেয়ারটি দাম কমতে কমতে গত ২২ সেপ্টেম্বর এসে দাঁড়ায় ৯২ দশমিক ৭০ টাকা। এখান থেকে চক্রটি আবারও কারসাজি করে গত ৬ অক্টোবর ১০২ টাকা ৭০ পয়সায় নিয়ে যায়।
তথ্য বিশ্লেষণ ও সংশ্লিষ্ট সূত্রে আরও জানা গেছে, আবারও চক্রটি এই উচ্চ দামে শেয়ারটি সাধারণ বিনিয়োগকারীদের কাছে ধরিয়ে দিয়ে মার্কেট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। অপরদিকে চরম ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারীরা। পরবর্তীতে শেয়ারটির দর কমে গিয়ে গত ১৬ নভেম্বর, ২০২৫ তারিখে এসে দাঁড়ায় ৬৫ দশমিক ৮০ টাকা। কারসাজি চক্রটির এই দৌঁড়াত্ব যেন থামছেই না। গত কয়েক দিনে চক্রটি আবারও কারসাজি করে শেয়ারটির দর ২৭ নভেম্বরে ৭৪ টাকা ৯০ পয়সায় নিয়ে গিয়েছে। প্রত্যেকবার চক্রটির সাথে কোম্পানি কর্তৃপক্ষ প্রত্যেক্ষ ও পরোক্ষভাবে শেয়ারটির কারসাজির সাথে জড়িত রয়েছে। আগামীতে আবারও ১০০ টাকার উপরে শেয়ারটি দর নিয়ে যাওয়ার পায়তারা করছে তারা।
অভিযোগ রয়েছে, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সার্ভেল্যান্স টিম শেয়ারটির এই কারসাজির বিষয়টি নিয়ে অবগত থাকলেও তারা একটি বারের জন্যও তৌফিকা ফুডস ও কারসাজি চক্রটিকে সতর্ক করেনি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায়নি। (সার্ভেল্যান্স টিমের কাজেই হচ্ছে- কোনো শেয়ার গ্যাম্বিলিং বা কারসাজি হলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া।) ফলে নিয়ন্ত্রক সংস্থা ও ডিএসই’র সবুজ সংকেত পেয়ে তৌফিকা ফুডস ও চক্রটি বিনিয়োগকারীদের নিঃস্ব করে নিজেরা শত শত কোটি কোটি টাকার মালিক হওয়ার মিশনে নেমেছে।
এখনই তৌফিকা ফুডস ও শেয়ার কারসাজি চক্রটির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নিলে অতি শিগগিরই প্রতিষ্ঠানটির সাধারণ বিনিয়োগকারীদের চরম ক্ষতিগ্রস্ত হয়ে তল্পিতল্পা হাতে নিয়ে রাস্তায় নামা ছাড়া আর উপায় থাকবে না, জানান সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
জানা গেছে, গত প্রায় দেড় বছর ধরে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিমের শেয়ার নামে-বেনামে বিভিন্ন বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করে মালিকানা উঠিয়ে নিচ্ছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তা-পরিচালকরা। প্রায় দেড় বছরে তাদের বিনিয়োগ কমেছে ১৬ শতাংশ।
গত ৩০ জুন ২০২৪ হিসাব বছরে প্রতিষ্ঠানটিতে উদ্যোক্তা-পরিচালকদের মালিকানা ছিল ৪১ দশমিক ১২ শতাংশ। আর গত ৩১ অক্টোবর ২০২৫ তারিখে তাদের মালিকানা এসে দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ। উদ্যোক্তা-পরিচালকরা তাদের মালিকানা হস্তান্তর করে দেশে ত্যাগের পায়তারা করছে বলে অনেকেই অভিযোগ করেছেন।
এদিকে সম্প্রতি ঋণ কেলেঙ্কারির অভিযোগে লাভেলো আইসক্রিমের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকরামুল হক, তার স্ত্রী কোম্পানির চেয়ারম্যান শামীমা নার্গিস হক এবং তাদের মেয়ে মুহসিনিনা তৌফিকা ইকরাম ও মুহসিনিনা সারিকা ইকরামের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
দুদকের আবেদনের শুনানি নিয়ে গত বুধবার (২৬ নভেম্বর) এ আদেশ দেন ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ।
আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন গণমাধ্যমকে জানান, তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন দুদকের সহকারী পরিচালক হাফিজুর রহমান।
আবেদনে বলা হয়, ইকরামুল হক, শামীমা নার্গিস হক, সারিকা ইকরাম ও তৌফিক ইকরামের বিরুদ্ধে সীমান্ত ব্যাংকের ঋণ পরিশোধ না করার অভিযোগ রয়েছে। এ অভিযোগ অনুসন্ধানের মধ্যে দুদক জেনেছে, তারা যেকোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন ঠেকানো দরকার।
এসব ব্যাপারে জানতে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিমের কোম্পানি সচিব মো. মহিউদ্দিন সরদার ও ব্যবস্থাপনা পরিচালক একরামুল হকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্যপরিষদের সভাপতি মিজান উর রশীদ চৌধুরী শেয়ারবাজার বিডি ডটকমকে বলেন, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিমের ব্যাপারে অনেক আগে থেকেই বিনিয়োগকারীরা হতাশ। শেয়ারটি কারসাজি করে শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ ও একটি চক্র। অনেক সাধারণ বিনিয়োগকারী এই কোম্পানিতে বিনিয়োগ করে নিঃস্ব হয়েছেন। এখন শুনছি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক, চেয়ারম্যান ও অন্যান্য মালিকপক্ষ একটি ব্যাংক থেকে ঋণ নিয়ে তা পরিশোধ না করে তারা বিদেশে পালিয়ে যাওয়ার পায়তারা করছেন। তারা যাতে পালিয়ে যেতে না পারেন সেজন্য নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। দ্রুত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে।
উল্লেখ্য, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিমের পরিশোধিত মূলধন ৯৮ কোটি ১৭ লাখ ৫০ হাজার টাকা, যেখানে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা-পরিচালক ব্যতিত) মালিকানা রয়েছে ৬৫ দশমিক ৬২ শতাংশ।
শেয়ারবাজার বিডি ডটকম/এম



















