শেয়ারবাজার বিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি দ্বৈত নীতির পথ বেছে নিয়েছে। তারল্য সংকট ও ব্যবসায়িকভাবে দুর্বল হয়ে যাওয়ায় কোম্পানিটি গত বছর (৩১ ডিসেম্বর ২০২৪) বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ (ডিভিডেন্ড) দেয়নি। অথচ সদ্য বিদায়ী বছরের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০২৫) কোম্পানিটি তার ব্যবস্থাপনা পরিচালকের বেতন-ভাতা বাড়িয়েছে ৪৭ শতাংশ। কোম্পানিটির এমন আচরণে ক্ষুব্ধ ও হতাশা প্রকাশ করেছেন সাধারণ বিনিয়োগকারীরা।
জানা গেছে, ব্যবসায়িকভাবে ভালো অবস্থায় নেই লংকাবাংলা ফাইন্যান্স। সদ্য বিদায়ী বছরের প্রথম নয় মাসে কোম্পানিটির নিট প্রফিট বা মুনাফা কমেছে ১৭ শতাংশ। এমন পরিস্থিতিতে কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম পরিচালনায় চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। অথচ এমন পরিস্থিতিতেও কোম্পানিটি তার ব্যবস্থাপনা পরিচালকের বেতন ভাতা আশঙ্কাজনক হারে বাড়িয়েছে। অর্থাৎ কোম্পানিটি যেন শুধু নিজেদের ভালো থাকা নিয়েই ব্যস্ত, সাধারণ বিনিয়োগকারীরা লাভবান হলো না ক্ষতিগ্রস্ত হলো সে-ব্যাপারে তাদের কোনো মাথা ব্যথা নেই, এমনটাই জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা।
তথ্য বিশ্লেষণে জানা গেছে, ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সমন্বিতভাবে লংকাবাংলা ফাইন্যান্সের নিট প্রফিট হয়েছিল ৩৭ কোটি ৩৮ লাখ ৭৭ হাজার ৫৫৮ টাকা। আর ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তা এসে দাঁড়িয়েছে ৩০ কোটি ৯৯ লাখ ৮৭ হাজার ৭৯১ টাকা। এক বছরের ব্যবধানে কোম্পানিটির প্রফিট কমেছে ৬ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার ৭৬৭ টাকা বা ১৭ শতাংশ।

এদিকে, ব্যবসায়িকভাবে খারাপ পরিস্থিতির কারণে গত বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের কোনো ডিভিডেন্ডও দিতে পারেনি। ভঙ্গুর অবস্থায় থাকা কোম্পানিটি বিনিয়োগকারীদের বঞ্চিত করলেও ব্যবস্থাপনা পরিচালকের বেতন-ভাতা বাড়িয়েছে ৩২ লাখ ৩৯ হাজার ৬৭৫ টাকা।
(লংকাবাংলা ফাইন্যান্সের খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতিসহ নানা অনিয়ম নিয়ে পাঁচ পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রকাশ করা হলো প্রথম পর্ব। খুব শিগগিরই প্রকাশ করা হবে দ্বিতীয় পর্ব)
কোম্পানি সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বেতন-ভাতা ছিল ৬৯ লাখ ৬০ হাজার ৩২২ টাকা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তা এসে দাঁড়িয়েছে এক কোটি এক লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকা। বছরের ব্যবধানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বেতন-ভাতা বেড়েছে ৩২ লাখ ৩৯ হাজার ৬৭৫ টাকা।

খেলাপি ঋণে জর্জরিত লংকাবাংলা ফাইন্যান্সের বিভিন্ন স্থানে বিনিয়োগ থেকে আয় কমেছে উল্লেখযোগ্য হারে, এমনটাই জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে।
তথ্য বিশ্লেষণে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে লংকাবাংলা ফাইন্যান্সের বিনিয়োগের বিপরীতে আয় হয়েছিল (ইনকাম ফ্রম ইনভেস্টমেন্ট) ২৯ কোটি ৯ লাখ ৬৪ হাজার ৫৮৪ টাকা। আর ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তা এসে দাঁড়িয়েছে ১৩ কোটি ৯৮ লাখ ৩৯ হাজার ৮৭১ টাকা। এক্ষেত্রে বছরের ব্যবধানে আয় কমেছে ১৫ কোটি ১১ লাখ ২৪ হাজার ৭১৩ টাকা বা ৫২ শতাংশ।

কোম্পানি সূত্রে আরও জানা গেছে, লংকাবাংলা ফাইন্যান্স গত দুই বছর ধরে ব্যবসায়িকভাবে ভালো অবস্থায় না থাকায় আমানতকারীদের আস্থার সংকট দেখা দিয়েছে। ফলে কোম্পানিটির অন্যান্য আমানত আশঙ্কাজনকহারে কমেছে।
জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর ২০২৪ তারিখে কোম্পানিটিতে আদার্স ডিপোজিট (অন্যান্য আমানত) ছিল ১৫ কোটি ৬৫ লাখ ৬৭ হাজার ৩৯ টাকা। আর ৩০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তা এসে দাঁড়িয়েছে ১৪ কোটি ১৩ লাখ ৮৮ হাজার ৩২৬ টাকা। এক্ষেত্রে বছরের ব্যবধানে কোম্পানির অন্যান্য আমানত কমেছে এক কোটি ৫১ লাখ ৭৮ হাজার ৭১৩ টাকা বা ১০ শতাংশ।

এসব ব্যাপারে জানতে লংকাবাংলা ফাইন্যান্সের সচিব মাসুম আলিকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। এমনকি তার মোবাইলে ক্ষুদে বার্তা পাঠালেও তিনি কোনো উত্তর দেননি।
এছাড়ও কোম্পানির ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের কর্মকর্তা তৌফিকের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনিও কোনো সাড়া দেননি।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, আর্থিক প্রতিষ্ঠানগুলো আমাদের নজরে আছে। লংকাবাংলা ফাইন্যান্সকেও আমরা পর্যবেক্ষণে রেখেছি।
উল্লেখ্য, লংকাবাংলা ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ৫৩৮ কোটি ৮৩ লাখ ৯০ হাজার টাকা, যেখানে পুঁজিবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) মালিকানা রয়েছে ৬৬ দশমিক ২৩ শতাংশ।



















