শেয়ারবাজার বিডি রিপোর্ট: সরবরাহ সংকট ও বৈশ্বিক অর্থনীতির ঝুঁকি কিছুটা কমে আসায় আন্তর্জাতিক বাজারে অ্যালুমিনিয়ামের দাম বেড়েছে। শিল্প খাতে বহুল ব্যবহৃত ধাতুটির দাম বেড়ে তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
বৃহস্পতিবারের সর্বশেষ লেনদেনে লন্ডন মেটাল এক্সচেঞ্জে তিন মাস মেয়াদি অ্যালুমিনিয়ামের দাম প্রতি টন ৩ হাজার ৩০৬ ডলার ৫০ সেন্টে দাঁড়ায়। ১৩ আগস্টের পর এটিই ছিল ধাতুটির সর্বোচ্চ দাম।
অন্যদিকে সাংহাই ফিউচার্স এক্সচেঞ্জে অ্যালুমিনিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি টন ২৪ হাজার ৩২০ ইউয়ানে উঠেছে।
বিশ্লেষকদের মতে, বাজারে অ্যালুমিনিয়ামের মজুদ কমে যাওয়া, চীনে মৌসুমি চাহিদা বৃদ্ধির প্রত্যাশা এবং সরবরাহ বাড়ানোর সীমাবদ্ধতা-এই তিনটি বিষয় দাম বাড়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মধ্যপ্রাচ্যের বড় উৎপাদক দেশগুলোতে উৎপাদন পুনরায় বাড়ার সম্ভাবনা থাকলেও চলতি বছর অ্যালুমিনিয়ামের বাজারে ঘাটতি থেকে যেতে পারে বলে ধারণা করছেন তারা।
বর্তমানে অ্যালুমিনিয়ামের মজুদ ৩৬ বছরের সর্বনিম্নের কাছাকাছি রয়েছে। উৎপাদন, ভোগ্যপণ্য ও গাড়ি তৈরিতে ব্যাপকভাবে ব্যবহৃত ধাতুটির ক্ষেত্রে তাই সরবরাহ পরিস্থিতি বাজারের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এদিকে আন্তর্জাতিক বাজারে দুর্বল হয়েছে মার্কিন ডলার। গতকাল ডলারের সূচক দশমিক ১৩ শতাংশ কমেছে। এতে ডলারে মূল্য নির্ধারিত পণ্য অন্যান্য মুদ্রায় লেনদেন করা ক্রেতাদের কাছে তুলনামূলক সস্তা হয়েছে। এর প্রভাব পড়েছে তামা ও দস্তাসহ অন্যান্য শিল্পধাতুর বাজারেও।
শেয়ারবাজার বিডি



















