নিজস্ব প্রতিবেদক: বন্ধক রাখা সম্পত্তি কম মূল্যে নিলামে বিক্রি দেখিয়ে ১০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তবে এ অভিযোগ ও অনুসন্ধানের মধ্যেই এমডির বিদেশযাত্রা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জবাবে আনুষ্ঠানিক বক্তব্য ও প্রতিবাদ দিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের বিপরীতে ব্যাংকের কাছে বন্ধক (মর্টগেজ) রাখা বিপুল পরিমাণ সম্পত্তি প্রকৃত বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে নিলামে বিক্রি দেখানো হয়েছে। এর মাধ্যমে ব্যাংকের প্রায় ১০০ কোটি ৭২ লাখ টাকার বেশি অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আমলে নিয়ে সম্প্রতি দুদক আনুষ্ঠানিকভাবে অনুসন্ধান শুরু করেছে এবং ইতোমধ্যে অভিযোগের নথিপত্র যাচাই-বাছাইয়ের কাজ এগিয়ে নিচ্ছে।
এদিকে, দুদকের অনুসন্ধান চলাকালেই সিটি ব্যাংকের এমডির দেশত্যাগের বিষয়টি নিয়ে গণমাধ্যম ও ব্যাংকিং খাতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। এর প্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষের পক্ষ থেকে গণমাধ্যমে একটি প্রতিবাদলিপি ও ব্যাখ্যা পাঠানো হয়। সেখানে আত্মসাতের অভিযোগ অস্বীকার করার পাশাপাশি এমডির বিদেশ সফরকে ‘নিয়মিত ও দাপ্তরিক কাজ’ হিসেবে উল্লেখ করা হয়।
তবে ব্যাংকিং খাত সংশ্লিষ্ট ও বিশ্লেষকদের মতে, এত বড় অঙ্কের আর্থিক অনিয়ম ও দুদকের অনুসন্ধানের মতো স্পর্শকাতর বিষয়ে কেবল একটি আনুষ্ঠানিক প্রতিবাদলিপি দিয়ে দায় সারা উচিত নয়। বরং অভ্যন্তরীণ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা প্রকাশ করা এবং স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।
এ বিষয়ে বক্তব্য জানতে সিটি ব্যাংকের হেড অব পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া ইয়াহিয়া মির্জার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে একই বিভাগের ইউনুস আলী আলালকে ফোন করা হলে তিনি জানান, এ বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবাদ পাঠানো হয়েছে।
অপরদিকে দুদক সূত্র জানিয়েছে, অনুসন্ধান শেষে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে, দুদকের সহকারী পরিচালক বিষাণ যোষকে এ অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। গত ৯ আগস্ট আদালত থেকে অভিযোগটি অনুসন্ধান ও তদন্তের জন্য দুদকে পাঠানো হয়।
পরে ২৭ সেপ্টেম্বর অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ করে কমিশন। এ ঘটনায় ভুক্তভোগী ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এ মামলাও করেছেন।
২০১৯ সালের জানুয়ারি থেকে সিটি ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন মাসরুর আরেফিন। সম্প্রতি তাকে আরও তিন বছরের জন্য পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।
শেয়ারবাজার বিডি ডটকম/রয়



















