শেয়ারবাজার বিডি রিপোর্ট: এলএনজি আমদানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনের কারণে বাংলাদেশকে বছরে সর্বোচ্চ ২৫ দশমিক ৮ বিলিয়ন বা ২৫৮০ কোটি ডলার ব্যয় করতে হতে পারে। একইসঙ্গে নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও অবকাঠামো নির্মাণের ফলে কার্বন নিঃসরণ, বায়ুদূষণ এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি আরও বাড়তে পারে।
জ্বালানি খাত নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা মার্কেট ফোর্সেসের ‘এলএনজির শেষ চেষ্টা: বাংলাদেশের মিডি মহাপরিকল্পনা’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। শনিবার (২৮ নভেম্বর) কক্সবাজারে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), ওয়াটারকিপার্স বাংলাদেশ ও মার্কেট ফোর্সেসের যৌথ উদ্যোগে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মার্কেট ফোর্সেসের এশিয়া এনার্জি ট্রানজিশনের পরিচালক মুনিরা চৌধুরী। সভাপতিত্ব করেন ধরা’র আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী। বক্তব্য দেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়ক শরীফ জামিল, জাপান সেন্টার ফর আ সাসটেইনেবল এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাইটির (জ্যাকসেস) প্রোগ্রাম ডিরেক্টর ইউকি তানাবে, অয়েল চেঞ্জ ইন্টারন্যাশনাল ও ফসিল-ফ্রি জাপানের জাপান ফাইন্যান্স ক্যাম্পেইনার মাকিকো আরিমা, কক্সবাজারের সিটি কলেজের সাবেক অধ্যক্ষ ক্যাপ্টেন থিং অং, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র সারোয়ার কামাল ও ধরার কক্সবাজারের যুগ্ম আহ্বায়ক এইচ এম ফরিদুল আলম শাহীন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০৪০ সালে বাংলাদেশকে বছরে ২৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করতে হতে পারে। আন্তর্জাতিক বাজারে দাম কম থাকলে এ জন্য বছরে ব্যয় হতে পারে ১০ দশমিক ৩ বিলিয়ন ডলার। মধ্যম মূল্য পরিস্থিতিতে ব্যয় দাঁড়াবে ১৫ দশমিক ৮ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক বাজারে উচ্চমূল্য অব্যাহত থাকলে তা বেড়ে ২৫ দশমিক ৮ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে।
প্রতিবেদনের প্রাক্কলন অনুযায়ী, মিডি পরিকল্পনায় চট্টগ্রাম অঞ্চলে ১৩ হাজার মেগাওয়াট পর্যন্ত নতুন গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার প্রস্তাব রয়েছে। এসব বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সম্ভাব্য ব্যয় ১৯ বিলিয়ন ডলার। পাশাপাশি দৈনিক এক হাজার মিলিয়ন ঘনফুট এলএনজি পুনর্গ্যাসীকরণের সক্ষমতাসম্পন্ন স্থলভিত্তিক টার্মিনাল নির্মাণে ব্যয় হতে পারে আরও ১ বিলিয়ন ডলার। সব মিলিয়ে গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও এলএনজি অবকাঠামো নির্মাণে বিনিয়োগের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ২০ বিলিয়ন ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশের নিজস্ব গ্যাস উৎপাদন কমে যাওয়ায় আমদানিনির্ভরতা বাড়ছে। বর্তমানে মোট গ্যাস সরবরাহের উল্লেখযোগ্য অংশ আসে আমদানি করা এলএনজি থেকে। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি কিংবা ভূরাজনৈতিক অস্থিরতায় সরবরাহ বিঘ্নিত হলে বিদ্যুৎ ও শিল্প খাতে সংকট আরও বাড়তে পারে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর এলএনজির দাম বেড়ে যাওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঘটনাও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। মিডি পরিকল্পনায় জাপানের সরকারি সংস্থা জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন (জেবিআইসি) এবং জেরা, সুমিতোমো ও ইতোচুর মতো প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতার বিষয়টিও বিশ্লেষণ করা হয়েছে।
আর্থিক ঝুঁকির পাশাপাশি উপকূলীয় পরিবেশ ও স্থানীয় মানুষের জীবিকার ক্ষতির বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। মাতারবাড়ী-১ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে অন্তত ২০ হাজার লবণচাষি, জেলে ও স্থানীয় উৎপাদনকারীর জীবিকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র ও কয়লাভিত্তিক প্রকল্পের পুরো কার্যকাল বিবেচনায় এক বিলিয়ন টনের বেশি কার্বন ডাই-অক্সাইড সমতুল্য গ্রিনহাউস গ্যাস নিঃসরণের আশঙ্কা রয়েছে।
প্রতিবেদনে এলএনজির পরিবর্তে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে সৌরবিদ্যুৎ উৎপাদনের কারিগরি সম্ভাবনা ২৪০ গিগাওয়াট এবং স্থলভিত্তিক বায়ুবিদ্যুতের সম্ভাবনা ৩০ গিগাওয়াট। শিল্পকারখানার ছাদে সৌরবিদ্যুৎ স্থাপন, ব্যাটারি সংরক্ষণ ও বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থার উন্নয়নে বিনিয়োগ বাড়ালে আমদানিনির্ভরতা কমানো সম্ভব।
শেয়ারবাজার বিডি


















