শেয়ারবাজারবিডি রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার মাধ্যমে বাজার থেকে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে। মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি। এই বন্ডটির মেয়াদ, কুপন হারসহ অন্যান্য ফিচার জানা সম্ভব হয়নি।
এর আগে, আল-আরাফা ইসলামী ব্যাংক পিএলসি ১৯৯৮ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ১ হাজার ১৫১ কোটি ৬৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৪৭ দশমিক ৫৪ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ২৩.৩২ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ২৮.৯১ শতাংশ শেয়ার।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
শেয়ারবাজারবিডি ডটকম/এস.এম.

















