শেয়ারবাজার বিডি রিপোর্ট: ক্রাইস্টচার্চ টেস্টেও ভারতীয় দলে জায়গা পাননি মোহাম্মদ সিরাজ। অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকেও সাজঘরে বসিয়ে রেখেছেন ভারতের কোচ গৌতম গম্ভীর। যে কারণে তাদের বোলিং আক্রমণে ছিল অভিজ্ঞতার অভাব। এজন্য দ্বিতীয় টেস্টের প্রথম দিনে নিউজিল্যান্ডকে চাপে ফেলেও সেটা ধরে রাখতে পারেনি ভারত। ভারতীয় বোলারদের মধ্যে মরিয়া ভাবটা দেখা যায়নি, পড়েছে ক্যাচও। এই সুযোগে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৪৬ রান তুলে নিয়েছে কিউইরা।
দ্বিতীয় টেস্টেও ব্যাটিংবান্ধব উইকেট তৈরি করেছে নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে থাকা কিউইদের পরিকল্পনা পরিষ্কার, ভারতের বিপক্ষে সিরিজ হারা যাবে না। ভারতীয় বোলিং লাইনে অভিজ্ঞ বলতে একমাত্র জাসপ্রিত বুমরাহ। তারকা এ পেসার ১৯ ওভার বোলিং করেও কোনো উইকেট পাননি। ভারতের চার পেসারের মধ্যে আকাশ দ্বীপ ছাড়া আর কেউ ভালো করতে পারেননি। টস হেরে ব্যাট করতে নেমে শুরুতে তো ভারতীয় পেসারদের পাত্তাই দেননি কিউই ওপেনাররা। হাফ সেঞ্চুরি করেছেন ফর্মে না থাকা টম ল্যাথাম। অথচ দিনের শুরুতেই তিনি আউট হয়ে যেতে পারতেন। আকাশ দ্বীপের বলে স্লিপে ক্যাচ ফেলেছেন লোকেশ রাহুল। এর পরও দিনের শুরুতে আকাশ দ্বীপ ও জাসপ্রিত বুমরাহ স্বাগতিকদের কিছুটা চাপে রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু অনশুল কম্বোজ কিংবা অভিষেক হওয়া গুরনুর ব্রার সেটা ধরে রাখতে পারেননি। স্পিনার ওয়াশিংটন সুন্দরও কার্যকর ভূমিকা রাখতে পারেননি। অভিজ্ঞ সিরাজ ও জাদেজা মাঠে থাকলে পরিস্থিতি অন্য রকম হওয়ার সম্ভাবনা ছিল। ১১০ রানে ৪ উইকেট হারানোর পরও নিউজিল্যান্ড লড়াইয়ে ফিরে এসেছে ভারতের বোলিং আক্রমণের অনভিজ্ঞতাকে কাজে লাগিয়ে।
বিশেষ করে সিরাজকে বাদ দেওয়ায় ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ধুয়ে দিয়েছেন সাবেক স্পিনার ও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মুরালি কার্তিক, ‘যদি মনে হয় সে (সিরাজ) ফর্মে নেই, তাহলে দলের সঙ্গে রাখারই প্রয়োজন নেই।’ ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাঈফও তীব্র সমালোচনা করেছেন, ‘বিশ্বাস করা কঠিন যে ভারতের অন্যতম সেরা পেসার সিরাজ আবার বাদ পড়লেন। বিদেশে ভারতের টেস্ট বোলিং আক্রমণে প্রথম দিকে থাকা উচিত সিরাজের নাম।’ দিনের খেলা শেষে ২ উইকেট নেওয়া আকাশ দ্বীপও স্বীকার করে নিয়েছেন যে তাদের আরও ভালো করা উচিত ছিল। প্রথম সেশনে উইকেট আর্দ্র থাকার পরও অভিজ্ঞতার অভাবে সেটা যে কাজে লাগাতে পারেননি, তা স্বীকার করে নিয়েছেন তিনি।
শেয়ারবাজার বিডি


















