শেয়ারবাজার বিডি রিপোর্ট: বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের তারকা হয়ে ওঠার গল্পে রয়েছে নানা অভিজ্ঞতা। অভিনয়জীবন শুরুর আগে দিল্লি থেকে মুম্বাইয়ে আসার সময় ট্রেনযাত্রায় এমনই এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েছিলেন তিনি। সংরক্ষিত আসন নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে বিরোধের জেরে চড়ও খেতে হয়েছিল তরুণ শাহরুখকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে প্রথমবার ট্রেনে আসার সময় স্থানীয় ট্রেনের নিয়ম সম্পর্কে শাহরুখের ধারণা ছিল না। দিল্লিতে লোকাল ট্রেনের অভিজ্ঞতা না থাকায় তিনি জানতেন না, মুম্বাইয়ে প্রবেশের পর দূরপাল্লার ট্রেনের কামরায় যাত্রী ওঠানামার ধরন বদলে যায়।
শাহরুখ তার সঙ্গে থাকা বন্ধুদের নিয়ে নিজেদের সংরক্ষিত আসনেই বসেছিলেন। মুম্বাইয়ের দিকে ট্রেন এগোতে থাকলে একের পর এক যাত্রী এসে তাদের আসনে বসতে চাইলে তারা নিজেদের সংরক্ষিত আসনের কথা জানিয়ে তাদের সরিয়ে দিচ্ছিলেন।
এরপর এক নারী তার সঙ্গে থাকা একজনকে নিয়ে সেই কামরায় এসে বসার জায়গা চান। শাহরুখ ওই নারীকে বসতে দিতে রাজি হলেও তার সঙ্গের পুরুষকে নিজের আসনে বসতে দিতে চাননি। এ নিয়েই দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
শাহরুখের নিজের বর্ণনা অনুযায়ী, একপর্যায়ে ওই নারী তাকে চড় মেরে বলেন, আসনটি শুধু তার নয়, অন্য যাত্রীরাও সেখানে বসতে পারেন। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যান তিনি। পরে পরিস্থিতি আর না বাড়িয়ে নিজের আসনের একপাশে গিয়ে বসেন তিনি।
বহু বছর পর নিজের প্রথম মুম্বাই সফরের সেই অভিজ্ঞতার কথা নিজেই জানিয়েছিলেন শাহরুখ খান। ঘটনাটি তার কাছে বিব্রতকর হলেও পরবর্তী সময়ে এটি হয়ে ওঠে তার মুম্বাই-জীবনের শুরুর দিকের একটি মজার স্মৃতি।
যে শহরে একসময় অচেনা তরুণ হিসেবে এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন শাহরুখ, পরবর্তী সময়ে সেই মুম্বাইয়েই তৈরি হয়েছে তার বিশাল তারকা-পরিচয়। দীর্ঘ অভিনয়জীবনে তিনি হয়ে উঠেছেন ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা।
সম্প্রতি শাহরুখের আলোচিত ছবি কিং-এর পোস্টার মুক্তির পর এ ঘটনা সামাজিক মাধ্যমে আলোচনায় আসে। তবে ঘটনাটি নিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেস ২০১৬ সালে প্রথমবার প্রতিবেদন আকারে প্রকাশ করে।
শেয়ারবাজার বিডি



















